গাড়ি বিক্রয়কেন্দ্রে অব্যাহত চাঁদা দাবি ও হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর সব গাড়ির দোকান অর্ধদিবস বন্ধ রেখে মানববন্ধন করেছেন গাড়ি ব্যবসায়ীরা। চাঁদাবাজির হুমকি বন্ধ এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে আগামী মাস থেকে গাড়ি ছাড় করা, নিবন্ধন করা ও সরকারকে রাজস্ব দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন গাড়ি ব্যবসায়ীরা।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যবসা বন্ধ করার এমন হুঁশিয়ারি দেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আবদুল হক। সংবাদ সম্মেলনে বারভিডা সদস্য ও গাড়ি ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
আজ রোববার রাজধানীর বারিধারা এলাকায় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দোকান বন্ধ রেখে এই মানববন্ধন করেন গাড়ি ব্যবসায়ীরা।












